• খালেদা জিয়ার সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

    প্রকাশ: আগস্ট ১০, ২০১৬ ১২:১৮ AM
    A- A+
    ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটায় শ্রিংলা গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। তাঁরা প্রায় দেড় ঘণ্টা কথা বলেন।

    গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় যোগদানের পর ভারতীয় হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করলেন। সঙ্গে ছিলেন সে দেশের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, প্রথম সচিব (রাজনৈতিক) রাজেশ উইকি ও দ্বিতীয় সচিব মনোস্মৃতি।
    এই সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
    সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। ভারতের নতুন হাইকমিশনার কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। তিনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
    সাবিহ উদ্দিন আহমেদ বলেন, সাক্ষাতে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়েছে।
    দেশের রাজনৈতিক পরিস্থিতি বা সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনায় উঠেছে কি না, এমন প্রশ্নের জবাবে সাবিহ উদ্দিন বলেন, এটি হাইকমিশনার হিসেবে খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ এবং এটি একেবারে সৌজন্য সাক্ষাৎ।

    সম্পাদক: প্রথম আলো

    বিষয়: