বলিউডের পর হলিউডের সিনেমায় নিজের নাম লিখিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মার্কিন অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা, যা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে বিশ্বব্যাপী। এই সংবাদে যখন নায়িকার ভক্ত দর্শক আনন্দে আত্মহারা, তখন প্রকাশ হলো ইরানি ছবিতেও কাজ করছেন দীপিকা। যার পরিচালক বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি।
কিছুদিন আগে কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়েছিলেন, পরিচালক মাজিদ মাজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে। মুম্বাই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে। কিন্তু এতে দীপিকা রয়েছেন, তা তখন জানা যায়নি। সম্প্রতি মুম্বাইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গিয়েছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে। তথাকথিত বলিউডি চাকচিক্যের বাইরে গিয়ে দীপিকা এবার প্রথমবারের মতো ইরানি আর্টফিল্মে কাজ করছেন।
সম্প্রতি একটি টুইট পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দীপিকা নিজেই। সেই সাথে শ্যুটিংয়ের সময়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। সামনেই তাকে দেখা যাবে রণবীর সিং ও শহীদ কাপুরের বিপরীতে সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘পদ্মাবতী’তে।
উল্লেখ্য, ইরানি চলচ্চিত্রের ইতিহাসে একটি শক্তিশালী নাম মাজিদ মাজিদি, যার নির্মিত সবগুলো ছবিই অসাধারণ এবং উঁচু মানের। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ইতিহাসে প্রথম যে ইরানি চলচ্চিত্রটি বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন পায়, সেটি ‘চিলড্রেন অফ হ্যাভেন’, যার নির্মাতা ৫৭ বছর বয়সী মাজিদ মাজিদি। তার আগের ছবিগুলোর মতো এই ছবিতেও মধ্যবিত্ত সমাজের সম্পর্ক এবং আবেগের টানাপোড়েন দেখা যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস

