রোববার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে তামিমের নেতৃত্বে চিটাগং ভাইকিংস। ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার সময় টাইগার এ ওপেনারের টি-২০’তে রান ছিল ৩৪৫২। পরে দুর্দান্ত এক হাফসেঞ্চুরিতে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন তিনি।
ভাইকিংসের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তামিমের সঙ্গে নামেন গেইল। যেখানে তামিম ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থেকে তুলে নেন ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরি। নয়টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসের পর হন ম্যাচ সেরা। তার দলও জয় পায় নয় উইকেটে বিশাল ব্যবধানে। গেইলের ব্যাট থেকে আসে ৪০ রান।
টি-২০’তে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে (১২৭ ইনিংস) ৩০.২৯ গড়ে ৩৫১৪ রান করেছেন তামিম। যেখানে ২৩টি হাফসেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরি রয়েছে তার।
টি-২০’তে বাংলাদেশের শীর্ষ পাঁচ রান সংগ্রহকারী:
তামিম ইকবাল ১২৮ ম্যাচে ৩৫১৪ রান
সাকিব আল হাসান ২১৮ ম্যাচে ৩৪৪৯ রান
মুশফিকুর রহিম ১২১ ম্যাচে ২২৮২ রান
মাহমুদুল্লাহ রিয়াদ ১২২ ম্যাচে ২০২৪ রান
সাব্বির রহমান ৯১ ম্যাচে ১৯৭৪ রান
সূত্র:banglanews24
