রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরো জেতায় রোনালদোকে ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য সবচেয়ে বেশি ফেভারিট ভাবা হচ্ছে। দুটি টুর্নামেন্টের শিরোপা জেতার পথেই দারুণ ভূমিকা পালন করেন সিআর সেভেন।
গত মৌসুমে বার্সেলোনাকে স্প্যানিশ লা লিগার পাশাপাশি কোপা ডেল রের শিরোপাও জেতান মেসি। সেইসঙ্গে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তোলেন কিং লিও। তাই এলএম টেনকে সেরা তিনে জায়গা দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি ফিফাকে।
সময়টা দারুণ কাটান গ্রিজম্যানও। অ্যাটলেটিকো মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলেন তিনি। এরপর প্রায় একক নৈপুণ্যে ফ্রান্সকে ইউরোর ফাইনালে নিয়ে যান এই ফরোয়ার্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বল ও গোল্ডেন বুটও জয় করেন তিনি।
আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বর্ষসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করবে ফিফা। এর আগে মেসি পাঁচবার ও রোনালদো তিনবার সেরার খেতাব জয় করেন। প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নিলেন গ্রিজম্যান। গত বছর মেসি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেও এবার রোনালদোই সেরার খেতাব জয় করবেন বলেই মনে হচ্ছে।
সূত্র:poriborton
