• মাত্র ৫ লাখ ডলারেই পাওয়া যাবে মার্কিন নাগরিকত্ব!

    প্রকাশ: মে ০৭, ২০১৭ ১:৫৯ PM
    A- A+
    ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার ছিলেন শরণার্থী। কঠোর পরিশ্রম করে তিনি যুক্তরাষ্ট্রে নিজের ভাগ্য গড়েন। যদি আপনি কুশনারের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তবে আপনিও হতে পারবেন একজন মার্কিন নাগরিক!

    গত শনিবার বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের এমন কথাই বললেন হোয়াইট হাউজের উচ্চতর উপদেষ্টা জেরার্ড কুশনারের বোন নিকোল কুশনার মেয়ার। কুশনারের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন তিনি। রিটজ কার্লটন হোটেলের বলরুমে জড়ো হয়েছিলেন চীনা বিনিয়োগকারীরা।

    সিএনএন জানায়, বিভিন্ন স্লাইডের মাধ্যমে নিকোল বুঝান যে নিউ জার্সির অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি কেউ লাখ লাখ ডলার বিনিয়োগ করেন তাহলে তিনি সহজেই মার্কিন ভিসা পাবেন। এই ভিসাকে বিনিয়োগ ভিসা বলেই উল্লেখ করা হয়।

    তারা বিনিয়োগকারীদের বলেন দ্রুত বিনিয়োগ করুন নইলে যেকোনো সময় ভিসানীতিতে পরিবর্তন আসতে পারে। যে প্রচারপত্র তারা দেন সেখানে বড় বড় করে লেখা ছিলো, ৫ লাখ ডলার বিনিয়োগ করুন ও যুক্তরাষ্ট্রে চলে আসুন।

    বেইজিংয়ে কুশনারদের এই প্রচারণা কৌশলের সমালোচনা করেন অনেক বিশেষজ্ঞরা। হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা রিচার্ড পেইন্টার বলেন, এটা অবিশ্বাস্যভাবে মূর্খতা এবং অনুপযুক্ত। কুশনাররা সবার মধ্যে এমন বিশ্বাস আনতে চান যে তারা ভিসা পাবেই। যেটা আসলে সম্ভব না।
    হোয়াইট হাউজ ও কুশনার কোম্পানি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    সূত্র:poriborton