• ট্রাম্পের সিরিয়া নীতিতে ক্ষুব্ধ মার্কিনবাসী

    প্রকাশ: মে ০১, ২০১৭ ৭:০৫ PM
    A- A+
    ট্রাম্পের সিরিয়া নীতি নিয়ে অসন্তুষ্ট মার্কিনবাসী। সরাসরি যুদ্ধে যাওয়াটা মেনে নিতে পারছেন না বেশিরভাগ মানুষই। দেশের সংবাদ সংস্থা সিবিএস–এর সমীক্ষায় ধরা পড়ল এমন ছবি।

    দেখা গেছে, প্রতি ১০ জন মার্কিনবাসীর মধ্যে ৬ জন ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া নীতির বিরুদ্ধে। অর্থাৎ মাসের শুরুতে আসাদ বাহিনীকে গুঁড়িয়ে দিতে সিরিয়ায় যে বোমা ফেলা হয়েছিল, সেই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা নিয়ে দ্বন্দ্বে দেশের ৫৯ শতাংশ মানুষ। সরাসরি আক্রমণ না করে অন্য পন্থা নেওয়া যেত বলে মত তাদের। তবে দেশের ১০ শতাংশ মানুষ ট্রাম্পের সিরিয়া নীতিতে ভরসা রাখছেন বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

    যুদ্ধপরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্টের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্ধেকের বেশি মানুষ। দেশের ৩৫ শতাংশ মানুষের মতে, মার্কিন সেনার সর্বাধিনায়ক হওয়ার যোগ্য নন ট্রাম্প। তার নেতৃত্বে আইএসকে নিকাশ করতে এখনও পর্যন্ত বিশেষ কিছুই করে উঠতে পারেনি মার্কিনবাহিনী। ৪৬ শতাংশ অবশ্য তার ওপর ভরসা রেখেছেন। ১৭ শতাংশ দ্বন্দ্বে। নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ক্ষমতায় এসেই অভিবাসী প্রবেশে লাগাম টেনেছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ৪৬ শতাংশ মার্কিনবাসী।

    তাদের মতে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের সপক্ষে মত দিয়েছেন ৩৬ শতাংশ মানুষ।

    সূত্র:kalerkantho