• নিউজিল্যান্ড সফরে থাকবেন মুস্তাফিজ?

    প্রকাশ: জুলাই ৩০, ২০১৬ ২:১২ PM
    A- A+
    মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েই আছে। কিন্তু কোথায় এবং কখন হবে, আজকালের মধ্যেই সেটি চূড়ান্ত করবে বিসিবি। অস্ত্রোপচার যেহেতু অবধারিত, মুস্তাফিজকে কোন কোন সিরিজে বাংলাদেশ পাবে না, সেই আলোচনাও চলে আসছে সামনে।
    প্রথমে জানা গিয়েছিল, মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে ইংল্যান্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য খোঁজ নিচ্ছে অস্ট্রেলিয়ায়ও। যদি অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় হয়, সে ক্ষেত্রে তাঁকে পাঠানো হতে পারে অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়ের কাছে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী কাল বললেন, ‘আমরা এখনো নিশ্চিত করতে পারিনি কোথায়, কখন ওর অস্ত্রোপচার হবে। অস্ট্রেলিয়াতেও কথা বলব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হয়, তবে হয়ের কাছেই পাঠানো হবে। তিনিও এ ধরনের অস্ত্রোপচার করেন। আশা করছি, রোববারের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’
    এর আগে গ্রেগ হয় হাবিবুল বাশারের হাতের আঙুলে, তামিমের হাতের তালুতে ও গত বিশ্বকাপ চলার সময় এনামুল হকের কাঁধে অস্ত্রোপচার করেন। আর যদি ইংল্যান্ডে মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চায় বিসিবি, বর্তমান চিকিৎসক টনি কোচারই প্রথম পছন্দ।

    অস্ত্রোপচার যেখানেই করুন, মুস্তাফিজকে যে কম করে হলেও পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে, এটা নিশ্চিত। আর সেটি হলে বাঁহাতি পেসার খেলতে পারবেন না অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে তাঁকে চায় বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথা, ‘নিউজিল্যান্ডের আগে আগে ফিট মুস্তাফিজকে চাই আমরা। এক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাতে পারলে এটা সহজ হয়ে যাবে।’

    জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে, মার্চে এশিয়া কাপে ডান পাঁজরে, মে মাসে আইপিএল থেকে মুস্তাফিজ ফেরেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। এই মাসে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) চোট পান। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই চমকে দেওয়া মুস্তাফিজ কেন বারবার চোটে পড়ছেন? প্রশ্নটা বেশ জোরালো হয়ে উঠেছে এখন। বিসিবির মিডিয়া কমিটির প্রধান অবশ্য এটিকে স্বাভাবিকই মনে করছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনে ফাস্ট বোলার ছিলাম। চোটে পড়াটা স্বাভাবিক মনে করি। এতে অবাক হওয়ার কিছু নেই। আর আইপিএলে সে যে চোটে পড়েছিল, ইংল্যান্ডে সেটিতে পড়েনি। তা ছাড়া সেখানে যাওয়ার আগে দেড় মাসের পুনর্বাসন করে গেছে। নতুন যে সমস্যা দেখা দিয়েছে, সেটি নিয়ে মুস্তাফিজ নিজেও কোনো অভিযোগ করেনি। আর তাকে নানা জায়গায় খেলার সুযোগ দিতে হবে, ঘরে বসিয়ে রাখলে তো হবে না।’

    Source:
    prothom-alo

    বিষয়: